ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নামাজের সময় মাইক বাজানো নিয়ে ইমামের ওপর হামলা, অভিযুক্ত গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৭:৪০ পিএম

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মসজিদের পাশে আয়োজিত একটি মেলায় উচ্চ স্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পূর্বপাড়া এলাকা থেকে সাইফুল ইসলাম (৪০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্বপাড়ার মনজুরুল হকের বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে উপজেলার যশরা ইউনিয়নের বখুরা সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজের সময় মসজিদের পাশেই স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত একটি মেলায় উচ্চ স্বরে মাইক বাজানো হচ্ছিল। এতে নামাজে ব্যাঘাত সৃষ্টি হলে সরদারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী মাইক বন্ধ করার অনুরোধ জানান।

অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে মেলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ইমামের ওপর হামলা চালায়। হামলায় মাওলানা ইউসুফ আলীর বাঁ চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর শুক্রবার রাতেই গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাইফুল ইসলামকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, “মামলার পর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছিল। পরে চরমছলন্দ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় পরিবেশে এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত বিচার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর