প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক শিক্ষা কাঠামো গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) দ্যা আগা খান একাডেমি ঢাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত এক্সিবিউশন ঘুরে দেখেন এবং তাদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করতেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমন একটি কাঠামোর মধ্যে আনা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে সক্ষম হবে।
ববি হাজ্জাজ বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং চিন্তা করতে শিখবে, উদ্ভাবন করতে শিখবে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদেরকে বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ এবং সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।”
পরিদর্শনকালে তিনি দ্যা আগা খান একাডেমি ঢাকা-এর শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাভাবনার সুযোগ সৃষ্টি করতে হবে।
প্রতিমন্ত্রী দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সরকার শিক্ষার প্রতিটি স্তরে গুণগত উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও তদারকি ব্যবস্থা জোরদার করা হবে।
পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা খাতে আরও উদ্ভাবনী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় দ্যা আগা খান একাডেমি ঢাকা-এর শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।