মাত্র কদিন আগেই ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দেওয়া বৈভব সূর্যবংশী কি তবে মুদ্রার উল্টোপিট দেখা শুরু করলেন? আইপিএলের দুর্দান্ত ফর্মের পর এবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচ খেলার সময় মাঠের ভেতরেই এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের এই উদীয়মান ব্যাটিং সেনসেশন। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে মাঠের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে এখন তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বিশাল প্রত্যাশার বোঝা মাথায় নিয়ে ভারত ‘এ’ দলের হয়ে লঙ্কান সফরে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে, সদ্য সমাপ্ত আইপিএল ২০২৬-এ সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ঐতিহ্যবাহী অরেঞ্জ ক্যাপ বিজয়ী হওয়ার অনন্য কীর্তি গড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটের এই অতিমানবীয় পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পান। এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের মূল জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এর মাধ্যমে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পাওয়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েন সূর্যবংশী।
তবে সেই দারুণ ছন্দ যেন শ্রীলঙ্কার মাটিতে গিয়ে হঠাৎ করেই হারিয়ে গেছে। ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজের এখন পর্যন্ত খেলা তিনটি ইনিংসেই সূর্যবংশী চরম হতাশ করেছেন। ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে রাজস্থান রয়্যালসের এই তারকা ব্যাটার মাত্র ১৪ বলে ২১ রান করে আউট হন। তার এই সংক্ষিপ্ত ইনিংসে ১টি ছক্কা ও ৩টি চারের মার থাকলেও বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতা স্পষ্ট। তবে মাঠের এই বাজে পারফরম্যান্সকে ছাপিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি কাণ্ডেই এখন খবরের শিরোনামে সূর্যবংশী।
ম্যাচটিতে নির্ধারিত ওভারে দুই দলই সমান ২৬৫ রান সংগ্রহ করলে খেলা টাই হয়। পরে সুপার ওভারে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে তিলক বর্মার নেতৃত্বাধীন ভারত ‘এ’ দল শেষ পর্যন্ত হেরে যায়। তবে ভারতের এই হারকে ছাপিয়ে ক্রিকেটপাড়ায় হইচই রটে গেছে বৈভব সূর্যবংশীর সেই অনাকাঙ্ক্ষিত লড়াইয়ের ঘটনা নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাঠের ভেতর একাই পুরো শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন বৈভব। ভিডিওতে পরিষ্কার দেখা যায়, বৈভব প্রথমে শ্রীলঙ্কার একজন ক্রিকেটারকে সজোরে হালকা ধাক্কা দেন। ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের এই ঘটনার কারণে বেশ কয়েকটা ম্য়াচে বৈভবকে নিষিদ্ধ করা হতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। নিয়মানুযায়ী ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড বড় ধরনের তদন্তও শুরু করতে পারে। যদিও ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
ত্রি-দেশীয় সিরিজে বৈভবের সাম্প্রতিক পারফরম্যান্স গ্রাফও বেশ নিম্নমুখী। প্রথম ম্যাচে মাত্র ১৪ রান, দ্বিতীয় ম্য়াচে ৪৪ এবং সবশেষ ম্য়াচে ২১ রান করেন তিনি। জাতীয় দলে অভিষেকের ঠিক আগে তরুণ এই প্রতিভার এমন অফ-ফর্ম এবং মাঠের অখেলোয়াড়সুলভ আচরণ ভারতীয় ক্রিকেট দলের নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে।