ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

লাকসামে অটোরিকশা চুরির অভিযোগে আটক ১


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ সময় : ৬:০৬ পিএম

মোঃ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাকই ইউনিয়নের উধইর এলাকার বাসিন্দা মো. জালাল আহম্মেদের ছেলে মো. রবিউল হাসান (১৮) পেশায় একজন অটোরিকশা চালক। গত ১৬ জুন দুপুরে নবীর হোসেন মনির (৩৮) নামে এক ব্যক্তি গাজীপুর যাওয়ার কথা বলে রবিউল হাসানের অটোরিকশায় ওঠেন।

অভিযোগ অনুযায়ী, যাত্রাপথে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর ছনগাঁওগামী একটি নির্জন এলাকায় পৌঁছালে নবীর হোসেন মনির চালককে কিস্তির টাকা আনার কথা বলে পাশের একটি বাড়িতে পাঠিয়ে দেন। চালক সেখানে গেলে অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন সহযোগী অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর ফিরে এসে নিজের অটোরিকশা না পেয়ে রবিউল হাসান বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান। পরে স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছনগাঁও স্টেশন এলাকায় চুরি হওয়া অটোরিকশাসহ নবীর হোসেন মনিরকে আটক করতে সক্ষম হন তারা। তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে লাকসাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে জনতার কাছ থেকে নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে চুরি হওয়া নীল রঙের ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া অটোরিকশাটির আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির সময় আটক ব্যক্তি সামান্য আহত হলে তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বাদী মো. জালাল আহম্মেদ নবীর হোসেন মনিরসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর