মোহাম্মদ বাকি অনিক ,কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মামলায় ও পরোয়ানাভুক্ত আরও কয়েকজন আসামিকে আটক করে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ১ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তার তিনজনের পাশাপাশি নিয়মিত মামলার দুই আসামি, চুরি মামলার তদন্তে সন্দেহভাজন একজন এবং দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আটজনকে আটক করা হয়। বুধবার (২৪ জুন) দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারীর নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানটি চালানো হয় মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে উপজেলার গোয়ালমারী এলাকায়। এ সময় আহসান মোল্লা (৩৫), আবু হানিফ (৩০) এবং ইয়াছিন (২৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা এবং ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর একই দিন সন্ধ্যা ৮টা ২০ মিনিটে মোহাম্মদপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মিজান (৩৫) এবং জুম্মন হোসাইন (২৮)কে গ্রেপ্তার করে পুলিশ।
পরে রাত ১০টা ৩০ মিনিটে চুরি মামলার তদন্তের অংশ হিসেবে টুটুল মিয়া (৪৫) নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
এছাড়া বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিন (৪৭)কে গ্রেপ্তার করা হয়। পৃথক আরেক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকেও আটক করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়ভাবে এই অভিযানকে স্বাগত জানালেও মাদক নির্মূলে আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আকাশজমিন / আরআর