স্টাফ রিপোর্টার:
স্বৈরাচারী সরকারের আমলে শান্তি সমাবেশের নেতৃত্বদানকারী চিকিৎসক ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক এই উপপরিচালককে নতুন পদে পদায়ন করা হয়।
ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত এই কর্মকর্তার এমন বিতর্কিত পদায়নে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ছাত্র ও বরিশাল বিভাগের স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এর প্রতিবাদে আজ মঙ্গলবার আন্দোলনকারীরা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ধেয়ে আসার খবর ও পরিস্থিতি টের পেয়ে নতুন পদায়িত পরিচালক ডা. মনিরুজ্জামান তড়িঘড়ি করে অফিস ছেড়ে পালিয়ে যান। এরপর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তাঁর দপ্তরে তালা ঝুলিয়ে দেন এবং এই কার্যালয়ে তাঁকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করেন।
উল্লেখ্য, বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই বিতর্কিত চিকিৎসককে শাস্তিমূলকভাবে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট কর্মকর্তাকে আবারও বরিশালের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আকাশজমিন / আরআর