ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কুমিল্লা নগরীতে টানা বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা: ভোগান্তিতে পরীক্ষার্থীরা


  • আপলোড সময় : সোমবার ১৩ জুলাই, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

মোহাম্মদ বাকি অনিক , কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা  নগরীতে বারম্বার  বৃষ্টি হওয়ার কারণে প্রচুর  জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

সোমবার (১৩ জুলাই) মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও কর্মজীবীরা।

এদিন সকাল ১০টার দিকে কুমিল্লা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও রোগীদের শয্যার নিচেও পানি জমেছে। কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, বাইরে থেকে অতিরিক্ত পানি হাসপাতাল চত্বরে প্রবেশ করছে। বিকল্প ব্যবস্থায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। বৃষ্টি কমলে পানি নেমে যাবে।

নগরীর মনোহরপুর, মহিলা কলেজ রোড, বাগানবাড়ি, দক্ষিণ চর্থা, জিলা স্কুল সড়ক, পুলিশ লাইন্স, রেসকোর্স, উত্তর রেসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুরসহ শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। এসব এলাকার অনেক বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। কোথাও কোথাও ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী লিপি আক্তার বলেন, এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজেই পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে।

এদিন অনেক পরীক্ষার্থী ভেজা কাপড়ে কেন্দ্রে পৌঁছান। অনেকে পানিতে ডুবে থাকা সড়কে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। বর্ষার মধ্যে পরীক্ষা নেওয়ায় অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে যায়। অনেক চালক দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের চলাচলের জন্য নৌকার ব্যবস্থাও করা হয়।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনভর আরও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানায়, এ কেন্দ্রে ৮টি কলেজের ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাঠে পানি জমলেও কক্ষের ভেতরে পানি প্রবেশ করেনি। যারা পানির কারণে কিছুটা দেরিতে কেন্দ্রে এসেছে, তাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, বোর্ডের আওতাধীন ৬ জেলায় ভারি বর্ষণে বিভিন্ন কেন্দ্রের সামনে ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরীক্ষার কক্ষে পানি প্রবেশ করেনি। পানির কারণে যারা কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না।


এ সম্পর্কিত আরো খবর