ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষকেরা বেলা সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের উত্যপ্ত বাক্যবিনিময় ও কথাকাটাকাটি হলে সেখানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে অন্য শিক্ষক ও উপস্থিত ব্যক্তিরা হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করেন।
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী দুই দিকের সড়কই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়েছে এবং আশপাশের প্রধান প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সড়কের ওপর বসে ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে বারবার শোনা যায়, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’—এ ধরনের ব্যঙ্গাত্মক স্লোগানও দিতে দেখা যায় তাদের।
অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ রুটে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সারিতে আটকে পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো উপায় না পেয়ে অনেক সাধারণ যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মরণকামড় উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা নেওয়ার একতরফা সিদ্ধান্তে সারা দেশের লাখ লাখ পরীক্ষার্থী চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তারা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।