ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

তিস্তা ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপরে, রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগের মাঝে চারটি জেলার মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। অন্যদিকে, রংপুরের কাউনিয়া স্টেশনে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করার কারণে ওই অঞ্চলে একটি স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিনের সই করা দেশের সার্বিক বৃষ্টিপাত ও নদ-নদীর সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে নীলফামারীর ডালিয়ায় তিস্তা নদী, সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দা স্টেশনে সোমেশ্বরী নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের অভ্যন্তরে এবং ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও পশ্চিমবঙ্গ রাজ্যে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি কিছুটা হ্রাস পেয়েছে। আগামী একদিন এই নদীগুলোর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে পানি আরও কমতে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাদুকাটা, ভুগাই-কংস ও সারিগোয়াইন নদীর পানিও হ্রাস পেয়েছে। তবে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি নতুন করে বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এই নদীর পানি স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে কমতে শুরু করবে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় নেত্রকোণার সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রথমে স্থিতিশীল থাকবে এবং এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এই পানি স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে কমতে পারে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

তবে রংপুর জেলার কাউনিয়া স্টেশনে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি নতুন বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি গাইবান্ধা ও কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা, যমুনেশ্বরী, আপার করতোয়া ও করতোয়া নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


এ সম্পর্কিত আরো খবর