গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশে পতিতালয় ভিত্তিক এস ওয়ার্কার শিশু ও মায়েদের জন্য নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতকরণ প্রকল্পের (প্রজন্মা-সোপান) উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা হলরুমে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। সভায় সভাপতিত্ব করেন শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী।
প্রোগ্রাম ইমপ্লেমেন্টিং অফিসার মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম, গোয়ালন্দ ঘাট থানা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ও শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী বলেন, দৌলতদিয়া যৌনপল্লীর শিশু ও নারীদের সুরক্ষা, স্বাস্থ্য ও আইনী সহায়তা, মর্যাদাপূর্ন জীবিকা, শিক্ষা ও শিশু বিকাশ, সামাজিক মর্যাদা ও অধিকারের স্বীকৃতি, পাচার হওয়া অপ্রাপ্ত বয়স্ক কন্যাশিশুদের উদ্ধার ও উদ্ধারকৃত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনঃবাসন করা হবে এই প্রকল্পের মূল কাজ। তাছাড়া শাপলা মহিলা সংস্থার নিজস্ব সেফ হোম আছে, যেখানে একশত শিশু রাখার ক্যাপাসিটি আছে। এই প্রকল্পটি এক বছরের জন্য পাইলটিং প্রোগ্রাম হিসাবে গোয়ালন্দের দৌলতদিয়ায় কাজ করবে। এই কাজকে সহজিকরণের জন্য সকল সরকারী, বেসরকারী সংস্থা, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, শাপলা মহিলা সংস্থা অনেক দিন যাবৎ যৌনপল্লীর নারী ও তাদের শিশুদের নিয়ে কাজ করছে। এই প্রকল্পে অনেক কাজ, আমি আশাকরি আপনারা ভালো কাজ করবেন এবং যৌনপল্লীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলোর পথ দেখাবেন। বিশেষ করে তাদের পুন:বাসনের বিষয়ে কাজ করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে এ বিষয়ে আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করা হবে।