ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিখ্যাত ক্লাবে পাড়ি জমালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ১০:৪০ এএম

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বজুড়ে অন্যতম বড় চমক সৃষ্টি করেছিলেন আফ্রিকার দেশ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। প্রায় ৪০ বছর বয়সী এই তারকা গোলরক্ষক এবার নিজের নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। দক্ষিণ আমেরিকার দেশ চিলির ঐতিহ্যবাহী ও বিখ্যাত ফুটবল ক্লাব 'কোলো কোলো'-তে দেখা যাবে তাকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোলো কোলো ক্লাবের সভাপতি আনিবাল মোসা ভোজিনিয়াকে দলে নেওয়ার বিষ বিষয়টি নিশ্চিত করেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া খুব শিগগিরই চিলিতে পাড়ি জমাবেন। সেখানে তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর ক্লাবটির হোম গ্রাউন্ড এস্তাদিও মনুমেন্তালে তাকে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা বলেন, ভোজিনিয়া আমাদের দলের খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে এসে পৌঁছাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ক্লাবের নতুন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তবে চুক্তি সংক্রান্ত বিষয়গুলো এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখে ‘অরা’, যার মাধ্যমে তারা ভক্তদের ইঙ্গিত দেয়। বিশ্বকাপ শুরুর আগেই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল অভিজ্ঞ এই গোলরক্ষকের। এরপর বিশ্বকাপে তার একের পর এক অবিশ্বাস্য সেভ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা পৌঁছে যায় ২৮.৩ মিলিয়নে, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার, ইকার ক্যাসিয়াসের মতো বিশ্বসেরা কিংবদন্তি গোলরক্ষকদের চেয়েও অনেক বেশি! এমনকি বিশ্বজুড়ে কোটি ভক্তের ভোটে বিশ্বকাপ সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।

বয়স ৪০ পেরোলেও পেশাদার ফুটবল ক্যারিয়ারে আরও অন্তত এক বা দুই মৌসুম খেলে যেতে চান এই তারকা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেছিলেন, তিনি এমন একটি দল চান যারা মাঠের ফুটবল দক্ষতাকে মূল্যায়ন করবে, কেবল বিপণন বা মার্কেটিংয়ের উদ্দেশ্যে চুক্তি করবে না। মাঝে চিলির ক্লাবের পাশাপাশি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে তার যোগ দেওয়ার তীব্র গুঞ্জন উঠেছিল। তবে চিলিয়ান জায়ান্ট কোলো কোলোতেই অবশেষে তার ঠিকানা নির্ধারিত হচ্ছে। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত চিলির সবচেয়ে জনপ্রিয় এই ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং একমাত্র চিলিয়ান দল হিসেবে কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেছে। বর্তমানে দলটিতে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্তিজের অধীনে খেলছেন আর্তুরো ভিদালের মতো বিশ্বখ্যাত ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ক্লাবে যোগ দেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা। এমনকি ইংলিশ তারকা মিডফিল্ডার জুড বেলিংহামও তার এই চুক্তির খবরে মন্তব্য করে লিখেছেন, ‘দ্য বেস্ট’।


এ সম্পর্কিত আরো খবর