পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল মালেক (৫৫)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে একটি সালিশি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি বিষয়ে সালিশি বৈঠক চলাকালীন সময়ে হঠাৎ দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাবেক মেম্বার আবদুল মালেক মাটিতে পড়ে যান। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ইছাখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুল মালেকের এই অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুকে ঘিরে এলাকায় নানা সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এলাকাবাসীর একাংশের মতে এটি একটি রহস্যজনক মৃত্যু হলেও, নিহতের স্বজন ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সালিশ চলাকালে তাঁকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে ময়নাতদন্ত ও সার্বিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশী তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও আসল রহস্য জানা সম্ভব হবে।