যশোর সংবাদদাতা
যশোরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে সুমন মন্ডল নামে ওই ব্যক্তিকে আটক করে। আটক সুমন মন্ডল নারায়ণগঞ্জের ইসলামিয়া বাজার এলাকার সুমনাথের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে একজন ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন মন্ডল জানায়, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল সে।
বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা, মোবাইল ফোনের মূল্য ২৫ হাজার টাকা, ঘড়ির মূল্য ৫০০ টাকা এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকাসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা। আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এটিকে পেশা হিসেবে গ্রহণ করছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির হাতে আটক হয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছে।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে স্বর্ণসহ চোরাচালানকারীদের আটক করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।