ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন প্রধানমন্ত্রীর: মির্জা ফখরুল


  • আপলোড সময় : বুধবার ২৯ জুলাই, ২০২৬ সময় : ১১:২১ এএম

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষায় প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল (ফান্ড) গঠন করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘরের চাবি বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনৈতিক দল সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিকে সরাসরি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রদান করেছে। এর পাশাপাশি খ্রিষ্টান সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়ের তফসিলভুক্ত নারীদেরও নির্বাচনে সমান মূল্যায়ন ও মনোনয়ন দেওয়া হয়েছে। সরকার দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাতে চায়, তাদের সুযোগ-সুবিধা বাড়িয়ে সামনে এগিয়ে নিতে চায় এবং বিদ্যমান নানা সমস্যা ও সংকট সমাধান করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ঘোষিত তহবিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে যাঁরা নতুন উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হতে চান, নিজস্ব বিনিয়োগে ব্যবসা বাড়াতে চান কিংবা ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাঁদের এই ১০০ কোটি টাকার তহবিল থেকে সব ধরনের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাঁদের নিজ নিজ এলাকার অবকাঠামোগত ও সামাজিক সমস্যা সমাধানেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সার্বিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেদেরও স্বতঃস্ফূর্তভাবে সামনে এগিয়ে আসতে হবে এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে।

দীর্ঘদিন ধরে বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা প্রসঙ্গে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে প্রান্তিক এই মানুষগুলো তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। অনেক ক্ষেত্রে তাঁদের পৈতৃক জমিজমা অন্যায়ভাবে দখল হয়ে যাওয়ার মতো বেদনাকায়ক ঘটনাও ঘটে। এ পরিস্থিতির অবসান ঘটাতে তাঁদের নিজেদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। তিনি পুনর্ব্যক্ত করেন, সমাজে বিদ্যমান সব ধরনের বৈষম্য দূর করে সর্বস্তরের মানুষকে একই সমতায় আনার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

বিগত ১৫-১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের শাসনকালে একটি সুনির্দিষ্ট ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে দেশকে পরিচালিত করা হয়েছে। এই ফ্যাসিবাদী শাসনের কারণে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান, রাজনৈতিক ঐতিহ্য এবং প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ভেঙে পড়েছে। ফলে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত সরকারকে এখন রাষ্ট্র মেরামতে প্রতিটি ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।

নতুন যাত্রার অংশ হিসেবে সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রয়েছে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সুবিধার্থে 'ফ্যামিলি কার্ড' চালু, নারীর ক্ষমতায়ন জোরদার করা, কৃষকদের সহায়তায় 'কৃষক কার্ড' প্রদান, দেশের জলাধার পুনরুজ্জীবিত করতে খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ও সামাজিক অবদানকে সম্মান জানাতে ভাতা ব্যবস্থা চালু করা। মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত ও গির্জার পাদ্রিদের পাশাপাশি দেশের সাবেক গুণী খেলোয়াড়দের জন্যও ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খেলাধুলা ও নারীর অগ্রগতি প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের নারী ক্রীড়াবিদেরা এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল, ক্রিকেট ও হকিসহ নানা খেলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করছেন। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজরদারী বৃদ্ধি করা এবং খেলোয়াড়দের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান করার ফলেই আজ এই ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর