স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। ২০০৩ সালের সেই ঐতিহাসিক ও কঠিন সফরের কোনো সদস্যই নেই বর্তমান স্কোয়াডে। সময় ও ক্রিকেট সংস্কৃতির অনেক পরিবর্তন হয়েছে। লাল বলের ক্রিকেটে টাইগারদের বর্তমান ফর্মও আশাব্যঞ্জক। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২০২৭ চক্রে এখন পর্যন্ত ৪টি টেস্টে ২ জয়, ১ ড্র এবং ১ হারে ৫৮.৩৩% পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার ৪ নম্বরে রয়েছে বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ২৩ বছর আগের বাংলাদেশ দলের সঙ্গে এই দলের কোনো মেলবন্ধন নেই এবং সম্পূর্ণ নতুন ও ইতিবাচক মনোভাব নিয়ে প্যাট কামিন্সদের বিপক্ষে মাঠে নামবেন তাঁরা।
২০০৩ সালের সেই সফরে অজি সাবেক ব্যাটার ডেভিড হুকস একটি চরম অবমাননাকর কলাম লিখেছিলেন। সিডনি মর্নিং হেরাল্ডে তিনি দাবি করেছিলেন—অস্ট্রেলিয়ার উচিত বাংলাদেশকে দুই টেস্টেই একদিনের মধ্যে গুটিয়ে অপদস্থ করা, কারণ তাদের টেস্ট খেলার কোনো যোগ্যতা নেই। তবে সেই কঠিন মুহূর্তে অজি অধিনায়ক স্টিভ ওয়াহ বাংলাদেশ শিবিরের পাশ এসে দাঁড়িয়েছিলেন। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে স্টিভ ওয়াহ বলেছিলেন—"হুকসের কথা একদম ভাববে না, ওটা একটা পাগলের কথা! তোমরা অনেক ভালো দল এবং আমাদের বিরুদ্ধে ভালো খেলবে।"
বিশ্বজয়ী অধিনায়কের এই সহানুভূতি বাংলাদেশ দলকে দারুণ সাহস জুগিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেবার দুটি টেস্টেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে মাঠ ছাড়ে (১ম টেস্ট ৩ দিনে এবং ২য় টেস্ট ৪ দিনে)।
ডারউইনে অনুষ্ঠেয় সিরিজের প্রথম টেস্টের আগেও উঠেছে ম্যাচের স্থায়িত্ব প্রসঙ্গ। অজি অধিনায়ক প্যাট কামিন্সকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন খেলা তিন দিনে শেষ হতে পারে কি না। উত্তরে কামিন্স বাংলাদেশকে সমীহ জানিয়ে বলেন, "সহজ টেস্ট ম্যাচ বলে কিছু হয় না। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বড় কিছু টেস্ট জয় অর্জন করেছে এবং তাদের দলে দারুণ প্রতিভা রয়েছে। টেস্টে তারা আমাদের জন্য অচেনা কিন্তু কঠিন চ্যালেঞ্জ উপহার দিতে পারে।"
অন্যদিকে শান্তর দল লক্ষ্য রাখছে ম্যাচ তিন দিন বা চার দিনে শেষ করার চিন্তার বাইরে গিয়ে সেশন ধরে ধরে পুরো পাঁচ দিন সমানে সমান প্রতিদ্বন্দিতা গড়ে তোলার। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারানোর স্মৃতি শক্তি জুগিয়ে হলেও অজিদের মাটিতে টেস্টে নিজেদের প্রমাণের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছেন শান্ত।