১৫ আগস্টে নিহত শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন স্থানীয় ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি বাইপাস সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি প্রাথমিকভাবে অবগত ছিলেন না। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝটিকা মিছিলের ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা বাইপাস সড়ক ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।