ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থিত দলের নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক আপসহীন নেত্রী। তিনি জীবনের দীর্ঘ সময় দেশের মানুষের ভোটাধিকার আদায় এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও নীতি-আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে বিএনপি রাজপথে লড়ে যাচ্ছে।"
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভালুকা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হাতেম খান, সিনিয়র নেতা রুবেল খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন এবং শাখাওয়াত হোসেন পাঠান।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং দেশগঠনে তাঁর ভূমিকার নানা দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ভালুকা উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।