চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি কার্গো জাহাজ থেকে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (১৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত ওই নাবিক জাহাজ থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
নিখোঁজ নাবিকের সন্ধানে বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ এবং বিশেষায়িত বাহিনী সোয়াডসের (SWADS) একটি বোট অভিযানে যুক্ত হয়েছে। বহির্নোঙর এলাকার সম্ভাব্য বিভিন্ন স্থানে তারা তল্লাশি চালাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ নাবিকের নাম-পরিচয় এবং তিনি কোন কার্গো জাহাজ থেকে পানিতে পড়ে গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাবিকের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।