আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর বিতর্কিত ম্যাচের দেড় মাস পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মিসরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। তবে এবার কোনো ফুটবল সংক্রান্ত বিষয় নয়, দুই স্ত্রীর ঝগড়া ও পারিবারিক সংঘাত সামলাতে গিয়ে হোটেল ক্যাফেতেই অজ্ঞান হয়ে পড়ে খবরের শিরোনাম হলেন তিনি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ অ্যারাবিয়া’র প্রতিবেদন অনুযায়ী, মিসরের উত্তর উপকূলে অবস্থিত মারিনা রিসোর্ট অঞ্চলের একটি হোটেলে এই অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। হোসাম হাসান তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে সেখানকার একটি ক্যাফেতে বিশ্রাম নিচ্ছিলেন। তারা দুজন মিসরের বিখ্যাত সংগীতশিল্পী মোহামেদ রামাদানের পারফরম্যান্স দেখে সবেমাত্র হোটেলে ফিরেছিলেন।
এমন সময় হঠাৎ করেই সেখানে উপস্থিত হন হোসামের সাবেক স্ত্রী হুবাইদা, তার মেয়ে ও সন্তানরা। উপস্থিত হয়েই তারা হোসামের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাকে চেয়ার থেকে টেনে তুলে সঙ্গে যেতে বলেন। একপর্যায়ে হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে সাবেক স্ত্রী হুবাইদার বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
ড্যান অ্যাডামের ভাষ্যমতে, ঘটনার সময় তাকে লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারা হয়। পরবর্তীতে তাকে চড়, ঘুষি মারা ছাড়াও চুল টানাটানি করা হয়। সংঘাতের মাঝে পড়ে দুই পক্ষকে থামাতে গিয়ে কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না কোচ হোসাম। একপর্যায়ে মানসিক চাপ ও আকস্মিক পরিস্থিতি সামলাতে না পেরে ক্যাফের ভেতরেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা থানায় গিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিলেও পরবর্তীতে সব অভিযোগ স্বেচ্ছায় প্রত্যাহার করে নেন।
সূত্র: স্কাই নিউজ অ্যারাবিয়া