সোহাগ মাতব্বর, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে পথচারীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে দুইজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। গুলি ছোড়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থামে। গাড়ি থেকে এক যুবক ও এক যুবতী নেমে সেখানে চা খেতে যান। এ সময় মহাসড়কের পাশে থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই যুবককে প্রাইভেটকারটি সাইড করে দাঁড় করানোর অনুরোধ করেন।
এ নিয়ে ওই যুবকের সঙ্গে স্থানীয়দের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি গাড়ির কাছে গিয়ে একটি পিস্তল বের করেন এবং পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
হঠাৎ গুলির শব্দে হাইওয়ে থানার সামনের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য দিক-বেদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় ছোটাছুটি করতে গিয়ে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি ছোড়ার পর ওই যুবক ও যুবতী দ্রুত প্রাইভেটকারে উঠে খুলনার দিকে চলে যান। যাওয়ার সময় ওই যুবক নিজেকে গোপালগঞ্জের একজন চেয়ারম্যানের ছেলে বলে পরিচয় দেন বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রকাশ্যে মহাসড়কের পাশে এভাবে গুলি ছোড়ার ঘটনায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু বলেন, ‘বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।’
ঘটনায় ব্যবহৃত অস্ত্রের ধরন, গুলি ছোড়ার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহত দুইজনের পরিচয় ও তাদের চিকিৎসার বিষয়ে নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।
তবে জনসমক্ষে গুলি ছোড়ার অভিযোগের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে ভিডিওটির সত্যতা যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।