রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার বিক্রি ও বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পদ্মার মোড় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে সার বিক্রির দায়ে 'মেসার্স খন্দকার ফারুক সার ডিলার' নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স খন্দকার ফারুক সার ডিলার নামক প্রতিষ্ঠানের মালিক নিয়মবহির্ভূত ও অবৈধ উপায়ে সার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় 'ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ‘কৃষি ও কৃষকদের স্বার্থে অবৈধভাবে সার বিক্রি ও বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে জড়িত থাকায় মেসার্স খন্দকার ফারুক ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এনে সাজা দেওয়া হয়েছে।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ উপায়ে সার বিক্রি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।