গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিব।
পিবিআই জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশিও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন বলে পিবিআই সূত্রে জানা গেছে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন নিহত আতাউর রহমানের ৭৫ বছর বয়সী মা জহুরা খাতুন। একসঙ্গে ছেলে ও মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার দুপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।
পিবিআই জানিয়েছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই আতাউর রহমান আতা মিয়াকে হত্যা করা হয়। ঘটনার পর তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই।