ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারি ঘিরে নীরব বিপ্ল


  • আপলোড সময় : রবিবার ২৩ আগস্ট, ২০২৬ সময় : ৮:১০ পিএম

শফিকুল আলম ভুইঁয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিন দিন বাড়ছে ছাদবাগান ও বৃক্ষরোপণের প্রবণতা। নিজেদের পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির ছাদ, বারান্দা ও খোলা জায়গায় ফল, সবজি ও ঔষধি গাছ চাষ করছেন অনেকে। একই সঙ্গে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা-কলমের চাহিদা বাড়ায় উপজেলায় নার্সারি ব্যবসারও প্রসার ঘটছে। এতে কৃষিভিত্তিক অর্থনীতিতে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা এবং অনেক উদ্যোক্তার ভাগ্যও বদলেছে।

সরেজমিনে দেখা যায়, পূর্বাচলের ৩০০ ফুট সড়কের আশপাশসহ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় প্রায় দুই শতাধিক নার্সারি গড়ে উঠেছে। পাশাপাশি উপজেলার অধিকাংশ ভবনে ছোট-বড় ছাদবাগান রয়েছে। স্থানীয়দের হিসাবে, রূপগঞ্জে ছাদবাগানের সংখ্যা প্রায় তিন হাজার।

এসব নার্সারি ও ছাদবাগানে হাড়িভাঙ্গা, ল্যাংড়া, আম্রপালি, হিমসাগর, ফজলি, গৌরমতি, বারি-৪, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই, ব্রুনাই কিং, মিয়াজাকি ও ডগমাইসহ বিভিন্ন জাতের আমের চারা পাওয়া যায়। রয়েছে আঠাহীন কাঁঠাল, ভিয়েতনাম ও কেরালার নারকেল, সুপারি, সফেদা, শরিফা, বেদানা, মাল্টা, কুল, কামরাঙা, সেগুন, মেহগনি, শাদ, বাবলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, চালতা, কদবেল, আপেল, কাজুবাদাম, রক্ত চন্দন, শ্বেত চন্দন, পেয়ারা, আঙুর, লিচু, জাম, ডালিম, ইউক্যালিপটাস, শিলকড়াই, শিরীষ, নিম, আমড়া, লটকন, চইবান, লবঙ্গ, হরীতকী, বহেরা, অর্জুন ও বিভিন্ন জাতের লেবুর চারা।

এ ছাড়া মিষ্টি তেঁতুল, অ্যালোভেরা, গোলাপ, ক্যাকটাসসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিক্রি হচ্ছে। প্রান্তিক ব্যবসায়ীরা এসব নার্সারি থেকে তুলনামূলক কম দামে চারা কিনে গ্রামের হাট-বাজারে বিক্রি করেন। চাহিদা ও গুণগতমান অনুযায়ী একটি চারার পাইকারি দাম ৫ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।

নার্সারি মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরে চারা বিক্রির প্রধান মৌসুম দুটি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিক্রি হয়। তবে এটি নার্সারি ব্যবসার মূল মৌসুম নয়। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার চাহিদা সবচেয়ে বেশি থাকে। এই মৌসুমকে সামনে রেখে সারা বছর বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করেন নার্সারি মালিকেরা।

পূর্বাচলের নোয়াখালী সওদা নার্সারির কর্মচারী শফিকুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার নার্সারিতে ক্রেতার উপস্থিতি বেশি থাকে। ফলদ গাছের চাহিদাও বেশি এবং বিক্রি ভালো হচ্ছে।

মঙ্গলখালী গ্রামের ছাদবাগানের মালিক হাসিনা আক্তার বলেন, অনুকূল পরিবেশ থাকায় ছাদবাগানে ফল ও ঔষধি গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজিও ভালো ফলন দিচ্ছে। টবে উপযুক্ত মাটি তৈরি, নিয়মিত ও পরিমিত পানি সেচ, জৈব সার ব্যবহার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে ছাদবাগানে ভালো ফলন পাওয়া যায়।

মিঠাব গ্রামের ছাদবাগানের মালিক গৃহিণী শবনম মোস্তারিন বলেন, পোকামাকড় দমন এবং নিয়মিত গাছের ডালপালা ছাঁটাই করলে গাছ সুস্থ ও সবল থাকে। এতে ছাদবাগানে ফলনও ভালো হয়।

মুড়াপাড়া এলাকার মা নার্সারির মালিক মুজিবর রহমান বলেন, বর্ষাকাল বৃক্ষরোপণের জন্য অনুকূল হওয়ায় এ সময়ে চারাগাছের চাহিদা বেড়ে যায়। প্রতিদিনই মানুষ বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা কিনতে নার্সারিতে আসছেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মানসুরা জান্নাত মনিমা বলেন, বাড়ির বারান্দায় রাখার জন্য তিনি কয়েকটি ফুলের চারা কিনেছেন। এখানে দাম তুলনামূলক কম।

নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার বলেন, নারায়ণগঞ্জ জেলায় নিবন্ধিত নার্সারির সংখ্যা সাত শতাধিক। এর বাইরে অনিবন্ধিত নার্সারির সংখ্যাও বেশি। সব মিলিয়ে জেলায় নার্সারির সংখ্যা সহস্রাধিক।

রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, নার্সারি নিবন্ধন না করলে জরিমানার কোনো বিধান না থাকায় অধিকাংশ মালিক নিবন্ধনে আগ্রহ দেখান না। তবে রূপগঞ্জ উপজেলায় দিন দিন নার্সারি ব্যবসা সম্প্রসারিত হচ্ছে এবং এখানকার নার্সারি থেকে সারা দেশে চারা সরবরাহ করা হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নার্সারি মালিকদের ব্যবসা সফলভাবে পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। লাভজনক ও সম্ভাবনাময় এ খাত দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর