ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সরকারি হাসপাতালে আগুন, ১৫ শিশুর মৃত্যু চট্টগ্রামে লাখো আশেকে রাসুলের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস সাম্য ও মানবিকতার আদর্শে সমাজ গড়ার আহ্বান: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলো এখন বেইজিংয়ের নাগালে মস্কোতে আকস্মিক অবতরণ করল মার্কিন সামরিক বিমান থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন আইএমএফের জনবিরোধী শর্ত থেকে দূরে সরছে সরকার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক ইয়েমেনের হোদেইদায় সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি নিহত বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে বৃষ্টির শঙ্কা, ১ নম্বর সতর্কতা জারি

ডিসি অফিসের সামনে ‘জামালপুর’ হয়ে গেল ‘জামারপুর’


  • আপলোড সময় : সোমবার ২৪ আগস্ট, ২০২৬ সময় : ৯:৪৫ পিএম

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত একটি সচেতনতামূলক বিলবোর্ডে জেলার নামসহ একাধিক বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুলবহির্ভূত শিশু ও মাদকমুক্ত এলাকা গড়ার বার্তা দেওয়া বিলবোর্ডটি বেশ কিছুদিন ধরে সেখানে থাকলেও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় পথচারীরা বিলবোর্ডটির বানান ভুলের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন বানান ভুলকে অনেকেই দৃষ্টিকটু বলে মন্তব্য করেছেন।

সরেজমিনে দেখা যায়, জামালপুর শহরের ফৌজদারি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের বাম পাশে একটি বড় বিলবোর্ড টাঙানো রয়েছে। এতে লেখা রয়েছে, ‘আমাদের এলাকা শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুল বহির্ভূত শিশু ও মাদকমুক্ত রাখা আমাদের দায়িত্ব’।

বিলবোর্ডটি জেলা প্রশাসন, স্থানীয় সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে বলে এতে উল্লেখ রয়েছে। তবে বিলবোর্ডে জামালপুর জেলার নামের বানান ভুল করে ‘জামারপুর’ লেখা হয়েছে।

এ ছাড়া ‘আমরা একসাথে কাজ করবো’ বাক্যাংশটিতেও বানান ভুল রয়েছে। সেখানে ‘আমরা’র পরিবর্তে ‘আমারা’ লেখা হয়েছে। সরকারি মনোগ্রামের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ ও জেসমিন প্রকল্পের লোগোও বিলবোর্ডে রয়েছে।

গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তরের প্রধান ফটকের সামনে স্থাপিত সচেতনতামূলক বিলবোর্ডে এ ধরনের ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, যে স্থান থেকে পুরো জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, সেই কার্যালয়ের সামনেই জেলার নাম ভুলভাবে লেখা অত্যন্ত দুঃখজনক।

স্থানীয়দের দাবি, বিলবোর্ডটি স্থাপনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এর লেখা ও বানান ভালোভাবে যাচাই করা। একই সঙ্গে ভুলগুলো নজরে আসার পর দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল।

শুভ নামের এক ব্যক্তি বলেন, বেশ কিছুদিন ধরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিলবোর্ডটি দেখছেন। সেখানে জামালপুর জেলার নামই ভুল লেখা হয়েছে। তার মতে, ভুল হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু দীর্ঘদিনেও সেটি সংশোধন না করা আরও বেশি দুঃখজনক।

তিনি বলেন, জেলার নাম ভুলভাবে লেখা থাকায় বিষয়টি জেলার ভাবমূর্তির জন্যও বিব্রতকর। তাই দ্রুত বিলবোর্ডটির বানান সংশোধনের দাবি জানান তিনি।

এ বিষয়ে জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমি খানম বলেন, স্থানীয় সরকারের নাম ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এমন বিলবোর্ড স্থাপনের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে তাদের সঙ্গে আগে কেউ যোগাযোগও করেনি।

তিনি জানান, সম্ভবত উন্নয়ন সংঘের জাহাঙ্গীর সেলিম বিলবোর্ডটি টাঙিয়েছেন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেকোনো প্রচারণা বা বিলবোর্ড স্থাপনের জন্য নেজারত শাখার অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

বিলবোর্ড স্থাপনের জন্য সংশ্লিষ্টরা অনুমতি নিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও জানান মৌসুমি খানম। তার ভাষ্য অনুযায়ী, অনুমতির বিষয়টি যাচাই না করে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে বিলবোর্ডটি স্থাপনের বিষয়ে জানতে জাহাঙ্গীর সেলিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।



এ সম্পর্কিত আরো খবর