ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ‘আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার’কে তিন লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভালুকা পৌরসভা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিভিন্ন নিয়ম না মানার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘন করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। পরিদর্শনের সময় কারখানার পরিবেশে বিভিন্ন অনিয়ম দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ধরনের পরিবেশে তৈরি খাবার ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানান তারা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা নম্বর ৬৬/২০২৬ দায়ের করা হয়। মামলায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুশান্ত পালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর শাহাব উদ্দিনসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।