ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ওপর গুলি ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় বেঁচে যাওয়া ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ নিজের নিরাপত্তাহীনতা বোধ করায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানায় এই মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তিনি সশরীরে থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার জমা দেন। গত ১৯ আগস্ট রাতে উপজেলার সলিমপুরে প্রাইভেট কারের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করার ঘটনায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলায় শরিফুল ইসলাম শরীফ নিজে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করেছেন।
শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় তিনি নিজের প্রাইভেট কার চালিয়ে জয়নগর শিমুলতলা থেকে সলিমপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তার গাড়ির গতি রোধ করে। এ সময় হামলাকারীরা দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং মামলার ১ নম্বর আসামি তাকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে পায়ে ও মুখের ভেতরে গুলি করে। একই সময়ে মামলার ২ নম্বর আসামি ও ৫ নম্বর আসামি মুকুল হোসেনসহ অন্যরা চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম এবং গাড়ি ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
হামলার কারণ হিসেবে তিনি সাংবাদিকদের জানান, সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। শরীফ ওই বিদ্যালয়ের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তবে অন্য একজন সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ করে মন্তব্য করায় তার ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ সশরীরে থানায় উপস্থিত হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।