চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার। লন্ডনে চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ অভিনেতা বর্তমানে ভালো আছেন এবং তাঁর কেমোথেরাপির ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তাঁর শারীরিক পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনায় সিটি স্ক্যান ও এমআরআই সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যার ওপর ভিত্তি করে চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বিভ্রান্তিকর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিসচার কেন্দ্রীয় নেতাসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের মূল উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। নিসচার মহাসচিব লিটন এরশাদ জোর দিয়ে বলেন, স্পর্শকাতর তথ্য নিশ্চিত না করে দ্রুত প্রকাশের প্রতিযোগিতা কখনোই দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। এমন ভুয়া সংবাদ জীবিত মানুষের পরিবার ও ভক্তদের মনে অনাকাঙ্ক্ষিত মানসিক চাপ তৈরি করে।
উল্লেখ্য, ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের আগস্টে মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর তিনি কেমোথেরাপি ও ওরালথেরাপির একাধিক ধাপ সম্পন্ন করেন। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মাঝে সম্প্রতি ১০ দিনের জন্য দেশে ফিরে পরিবার, সহকর্মী ও নিসচার অনুষ্ঠানে সময় কাটান এবং গ্রামে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত শেষে গত সপ্তাহে পুনরায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।