ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬,  ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন মাসেও সংস্কার হয়নি ভাঙা কালভার্ট: দুর্ভোগে পথচারীরা নেপালে নিহত বেড়ে ৩৫৯, নিখোঁজ প্রায় এক হাজার নেপালে তৈরি হয়েছে আরেক মৃত্যুফাঁদ, সতর্ক করল চীন ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকো ম্লাদিচের মৃত্যু জুলাই সনদ নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : স্বরাষ্ট্রমন্ত্রী নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পৌঁছে দিলেন হুমায়ুন কবির প্রযুক্তির ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: আনু মুহাম্মদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৮ পিএম

চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

"বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন ২০০৬ সালের ২৬ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পর জনগণের দাবির ন্যায্যতা মেনে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জনগণের সঙ্গে ঐতিহাসিক ৬ দফা সমঝোতা চুক্তি করেছিল। সেই চুক্তিকে অবজ্ঞা করে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত দায়িত্বহীন।" — তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেছেন।

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ‘ফুলবাড়ী দিবস’ উপলক্ষে সকাল ১১টায় স্থানীয় নিমতলা মোড়ে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ীর দিকে তাকালেই অর্থমন্ত্রী ও বহুজাতিক কোম্পানিগুলো কয়লা ছাড়া আর কিছুই দেখে না। উত্তরবঙ্গের ভূগর্ভস্থ পানিসম্পদ, ঘনবসতি ও কৃষি জমি ধ্বংস করে এই অঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের যে চক্রান্ত চলছে, তা দেশের মানুষ মেনে নেবে না। অর্থমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, বিএনপি সরকার যদি ২০০৬ সালের চুক্তি ভঙ্গ করে আগের পথেই হাঁটে, তবে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। চলতি বছরের মধ্যেই ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন ও লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা হামিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কমরেড মোশাররফ হোসেন নান্নু, সাম্যবাদী আন্দোলনের কমরেড মনজুর আলম মিঠু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা ও মোশাহিদা সুলতানা এবং সাবেক মেয়র মাহমুদ আলম লিটন ও মুরতুজা সরকার মানিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালি এবং ২০০৬ সালের ২৬ আগস্টের শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলবাড়ীজুড়ে নানা কর্মসূচি পালিত হয়। এ সময় মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে ফুলবাড়ীর সম্পদ ও জনগণকে রক্ষার শপথ বাক্য পাঠ করেন স্থানীয়রা।


এ সম্পর্কিত আরো খবর