হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯-এর এক সফল অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারসংলগ্ন পাকা সড়কে কৌশলগত চেকপোস্ট বসায় র্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি হলুদ ও নীল রঙের পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা চার ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা চালান। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পিকআপ ভ্যানে অবৈধ গাঁজা বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী পিকআপের বডির ভেতরে বিশেষ কায়দায় রাখা ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে সর্বমোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়াইকান্দি কাজিরখোলা গ্রামের বাচ্চু (৩৭) ও জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার কুমড়িআইল গ্রামের মো. বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নরিয়া গ্রামের খলিল আহমেদ (২১)।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত আলামত ও আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে র্যাব-৯-এর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।