ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নানা বিতর্কের পরও ২০২৭ সালের ফিফা নির্বাচনে লড়তে অনড় জিয়ান্নি ইনফান্তিনো


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১:২৫ পিএম

ক্রীড়া ডেস্ক

ব্যাপক সমালোচনা, অসন্তোষ এবং সম্ভাব্য আইনি ব্যবস্থার নানামুখী হুমকির মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই প্রধান আগামী ২০২৭ সালের নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা পুনর্ব্যক্ত করেছেন। সংবাদমাধ্যম আলজাজিরা ফিফার একজন মুখপাত্রের বিবৃতির বরাতে জানিয়েছে, ২০২৭ সালের পুনর্নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইনফান্তিনো যে ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে তিনি বিন্দুমাত্র সরে আসেননি।

 

পোল্যান্ডে চলমান অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের উদ্বোধনকালে সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও পদে থাকা নিয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। এর কিছুক্ষণ পরেই ফিফা থেকে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি জারি করে জানানো হয় যে, ২০২৭ সালের নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। ফিফা সভাপতি গত এপ্রিলেই এই নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের কোনো রদবদল ঘটেনি।

 

পোল্যান্ডের কাতোভিচে আয়োজিত উদ্বোধনী ম্যাচে পোলিশ ফুটবল ফেডারেশনের সভাপতি চেজারি কুলেশার পাশে গ্যালারিতে ইনফান্তিনোকে দেখা যায়। মাঠের বাইরে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সময় ও সঠিক পরিবেশ এলে তিনি সব বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখবেন। বর্তমানে বিশ্বজুড়ে ফুটবলের মর্যাদা এবং সম্ভাবনা পৌঁছে দিতে ফিফা নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন। তবে তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি।

 

ইতালি ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিকত্ব থাকা ইনফান্তিনো দীর্ঘ এক দশক ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক হিসেবে প্রভাবশালী অবস্থান ধরে রাখলেও সম্প্রতি আঞ্চলিক ফুটবল কনফেডারেশন এবং বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন হারাতে বসেছেন। বিশেষ করে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা প্রকাশ পাওয়ার পর থেকে তিনি ব্যাপক চাপে রয়েছেন।

 

ফিফার নিয়ম অনুসারে একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে অর্থাৎ ১২ বছর দায়িত্বে থাকতে পারেন। তবে ইনফান্তিনোর দাবি, ২০১৬ সালে সেপ ব্লাটারের পদত্যাগের পর ফিফার বিশেষ কংগ্রেসে তিনি কেবল ব্লাটারের অসমাপ্ত মেয়াদের দায়িত্ব পালন করেছিলেন। ফলে সেই মেয়াদকে তাঁর নিজস্ব পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা যাবে না। তাঁর এই চতুর্থ মেয়াদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠন। তাঁরা বিষয়টি তদন্ত করে তাঁকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে।

 

তা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'ফিফা পিস প্রাইজ' সম্মাননা প্রদান এবং বিশ্বকাপ থেকে আয় বাড়াতে তা বেসরকারীকরণের পদক্ষেপে তাঁর জনপ্রিয়তা চরমভাবে হ্রাস পায়। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত আরও ঘনীভূত করে ইউরোপীয় ফুটবলের শাসক সংস্থা উয়েফা যুক্তরাষ্ট্রের একটি আদালতে ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে নথি চেয়ে আবেদন করেছে। তাদের মূল উদ্দেশ্য সুইজারল্যান্ডের আদালতে ফিফা সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা।

 

উয়েফার অভিযোগ, পুরুষ, নারী ও ক্লাব বিশ্বকাপের অর্থনৈতিক স্বত্ব 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' নামক এক নতুন অঙ্গপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। তবে ফিফা পুরো প্রক্রিয়াকে অযৌক্তিক অ্যাখ্যা দিয়ে উয়েফার অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, যার প্রার্থিতা জমার শেষ সময় চলতি বছরের ১৮ নভেম্বর।

(সূত্র: আলজাজিরা)


এ সম্পর্কিত আরো খবর