ক্রীড়া ডেস্ক
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না। একের পর এক বাজে পারফরম্যান্স ও সমালোচনার মুখে পড়ে জাতীয় দলে তাঁর অবস্থান কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্ভাব্য কোচের তালিকায় একাধিক সাবেক তারকার নাম উচ্চারিত হচ্ছে। কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ভারতের সাবেক পেসার এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা আশিষ নেহরার নাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে দুর্দান্ত সাফল্য পাওয়া আশিষ নেহরা ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কথা বলেছেন। জাতীয় দলের মতো জায়গায় কাজ করা সম্মানের হলেও কোচ হওয়ার বিষয়ে কোনো আগাম উচ্চাকাঙ্ক্ষা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একই সাথে ভবিষ্যতে কী হবে তা নিয়ে এখনই সিদ্ধান্ত না নিলেও বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ সুখে আছেন বলে জানান তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেহরা রসিকতার সুরে জানান, কোচের দায়িত্ব পাওয়ার আগে বেশ কিছু বড় বড় সমীকরণ মেলাতে হবে তাঁকে।
নেহরা বলেন, জাতীয় দলের কোচ হওয়া মানে বছরজুড়ে ৮ থেকে ৯ মাসের দীর্ঘ ভ্রমণ ও সীমাহীন মানসিক চাপ সামলানো, যা আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও সহজ কাজ নয়। তিনি মজা করে মন্তব্য করেন, জাতীয় দলের দায়িত্ব নিতে হলে তাঁকে প্রথমেই 'হাইকমিশন' অর্থাৎ নিজের স্ত্রীর সাথে কথা বলে অনুমতি নিতে হবে। নইলে এই টানা সফরের কারণে তাঁর বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। এই মন্তব্য শুনে অনুষ্ঠানে হাসির রোল ওঠে।
আইপিএলে গুজরাট টাইটান্সের অসাধারণ সাফল্যের পেছনে নিজের একক কোনো কৃতিত্ব দেখছেন না সাবেক এই বাঁহাতি পেসার। তাঁর মতে, দলের অধিনায়ক ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা এবং বোর্ডের সহযোগিতার কারণেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, আইপিএলে কোচ হিসেবে অভিষেকেই ২০২২ সালে গুজরাটকে শিরোপা এনে দিয়েছিলেন নেহরা। পরবর্তীতে ২০২৩ ও ২০২৬ সালেও তাঁর প্রশিক্ষণে ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে দলটি। তবে সব গুঞ্জনের মধ্যেও এই মুহূর্তে নিজেকে জাতীয় দলের কোচের দৌড় থেকে দূরেই রাখতে চান এই বিশ্বকাপজয়ী তারকা।