ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বা ভারত সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত দ্বিপাক্ষিক নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।
আগমী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বিমসটেকের (BIMSTEC) বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় আয়োজক দেশ ভারত।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা চলছে। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আবেদন জানানো হলেও নয়াদিল্লি বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানায়।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল জানান, এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।