ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

ভোলায় মেঘনার পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:১০ এএম

ভোলা প্রতিনিধি 

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর তীরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদী তীরের বিশাল অংশ ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নদীতে পড়ে যাওয়া ৫ বন্ধুর মধ্যে ৩ জন সাঁতার কেটে কোনোক্রমে তীরে উঠতে সক্ষম হলেও এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যসহ ২ জন নিখোঁজ রয়েছেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ৮টার দিকে ভোলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকা সংলগ্ন ‘গরিবের দুবাই’ হিসেবে পরিচিত মেঘনা নদীর পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

নিখোঁজ দুই যুবক হলেন— ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে বিজিবি সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)। দুর্ঘটনার সময় তাঁরা অন্যান্য বন্ধুদের সঙ্গে নদীর তীরে বসে কথা বলছিলেন।

 

পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট ৫ বন্ধু মিলে নদী তীরের বাঁধ এলাকায় ঘুরতে যান এবং সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে নদী তীর সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ তীরের একটি বিশাল অংশ হঠাৎ করেই বিকট শব্দে নদীগর্ভে ধসে পড়ে। এতে ক্ষণিকের মধ্যেই তীরের ওপর বসে থাকা ৫ বন্ধুই মেঘনা নদীর তীব্র স্রোতের মধ্যে পড়ে যান।

 

দুর্ঘটনার পর তীব্র স্রোতের সাথে লড়াই করে ৩ বন্ধু কোনোমতে সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হন। কিন্তু বিজিবি সদস্য আমজাদ ও তাঁর বন্ধু রাকিব নদীর পানির প্রাবল্যে মুহূর্তের মধ্যেই তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তীরে ওঠা যুবকদের আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীর প্রচণ্ড স্রোত ও রাতের অন্ধকারের কারণে তাঁরা নিখোঁজদের কোনো সন্ধান পেতে ব্যর্থ হন।

 

পরবর্তীতে খবর পেয়ে কোস্টগার্ড এবং নৌ-পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। গভীর রাত পর্যন্ত নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হলেও তাঁদের কোনো হদিস পাওয়া যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নদী তীরে বসে আড্ডা দেওয়ার সময় ধস নেমে দুজন নিখোঁজ হওয়ার পর থেকেই নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের সন্ধান মেলেনি। নিখোঁজ বিজিবি সদস্য ও তাঁর বন্ধুকে উদ্ধারে পরদিন সকাল থেকে পুনরায় পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে মেঘনার পাড়ে এই আকস্মিক ধস ও দুই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় এলাকা ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর