সিরাজগঞ্জ প্রতিনিধি / : 36
সিরাজগঞ্জের তাড়াশে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বাবা। পরে নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা নুরুল ইসলাম (৫৫)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল পৌর শহরের কোহিত এলাকায় অভিযান চালিয়ে মাহাবুর রহমান পিন্টু (৩০)-কে আটকের চেষ্টা করে। এ সময় পুলিশকে সঙ্গে নিয়ে বাবা নুরুল ইসলাম ছেলেকে ধরিয়ে দিতে গেলে পিন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাবা তাকে আটক করে তাড়াশ থানায় সোপর্দ করেন।
অভিযোগকারী বাবা নুরুল ইসলাম (৫৫) এবং তার ছেলে মাহাবুর রহমান পিন্টু (৩০) তাড়াশ পৌর শহরের কোহিত এলাকার বাসিন্দা।
নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাহাবুর রহমান পিন্টু কোনো ধরনের কাজ না করে তার কাছে টাকা দাবি করে আসছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ ও ঘরে অশান্তি সৃষ্টি করেন। একপর্যায়ে টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকিও দেন।
তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেলে আবারও টাকা দাবি করেন পিন্টু। টাকা দিতে না চাইলে লাঠি নিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং কাপড়-চোপড় পুড়িয়ে দেন। নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় টাকা দাবি, গালিগালাজ, মারধর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করায় বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, ‘অভিযুক্ত পিন্টু হোসেনকে আমরা থানা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। বাবা নিজে উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। ঘরের জিনিসপত্র ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’