পিরোজপুর সংবাদদাতা
‘ছোট ছোট অবদান বদলে দিতে পারে স্বপ্নপূরণের গল্প’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি ও বরিশাল এপিসিওর সহযোগিতায় অতি দরিদ্র গ্র্যাজুয়েশন মডেলের সদস্যদের আয়োজনে ‘জয় অব গিভিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক জারি গানের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। পরে স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এপিসিওর সিনিয়র ম্যানেজার স্তিফেন হালদার রুভেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক, ফিল্ড অপারেশন জেনি মিড্রেড ডি ক্রুজ এবং পিরোজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো। আলোচনা শেষে সম্মানিত অতিথিরা উপকারভোগীদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করেন।
বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর দীর্ঘদিন ধরে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটির সহায়তায় উপকৃত পরিবারগুলোর অনেকেই এখন স্বাবলম্বী হয়ে নিজেদের উদ্যোগে গরু, ছাগল, হাঁস, মুরগি, থ্রি-পিসসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছেন। এসব সামগ্রী তারা অতি দরিদ্র আত্মীয়-স্বজন ও এলাকার পিছিয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করছেন।
অনুষ্ঠানে উপস্থিত দাতা ও গ্রহীতারা বলেন, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি তাদের জন্য আনন্দদায়ক একটি মুহূর্ত। নিজেদের ভালো থাকার পাশাপাশি অন্যদের সহযোগিতা করার মধ্যেও যে আনন্দ রয়েছে, তা তারা উপলব্ধি করছেন। ভবিষ্যতেও তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।