ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

শিবগঞ্জে দুই স্কুলে বাস বিতরণ

তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম


  • আপলোড সময় : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং স্থানীয় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে দুটি স্কুল বাস বিতরণ করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এক সুধী সমাবেশে তিনি শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটির চাবি ও নথিপত্র তুলে দেন। আয়োজিত এই বাস হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন।


বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, যেকোনো জাতির অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। তাই কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও বিঘ্নহীন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্যের অংশ। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, পরিবহন সুবিধা চালুর ফলে শিক্ষার্থীদের দূরদূরান্ত থেকে যাতায়াতের সময় ও ভোগান্তি অনেকটাই কমে আসবে, যা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে। প্রতিমন্ত্রী আরও প্রতিশ্রুতি দেন যে, শিবগঞ্জ উপজেলার সার্বিক শিক্ষার পরিবেশকে আরও আধুনিক, সমৃদ্ধ ও সুদৃঢ় করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।


দেশের বিদ্যমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে রাজনৈতিক ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ভঙ্গুর ও দেউলিয়া অবস্থায় নিয়ে গিয়েছিল। প্রতিটি খাতকে বিপর্যস্ত করে ফেলে রাখা হয়েছিল। তবে সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে দ্রুত পুনরুদ্ধার করে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বর্তমান সব সংকট উত্তরণ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নীতিগতভাবে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।


আনুষ্ঠানিক বাস বিতরণ পর্ব শেষ হওয়ার পর সভাস্থলে সৃষ্টি হয় এক অত্যন্ত আবেগঘন ও হৃদয়স্পর্শী মুহূর্ত। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ পাওয়া অদম্য ও মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে বিশেষ সাক্ষাত করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাহফুজের জীবনের গল্পটি যেমন গভীর বেদনার, তেমনই তা এক অনন্য অনুপ্রেরণার প্রতীক। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক করুণ সড়ক দুর্ঘটনায় সে তার একটি পা হারায়। তবে এই মারাত্মক শারীরিক সীমাবদ্ধতা তার পড়াশোনা ও স্বপ্নের পথে বাধা হতে পারেনি। শারীরিক কষ্ট ও দারিদ্র্যকে তুচ্ছ জ্ঞান করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে মাহফুজ প্রমাণ করেছে যে, দৃঢ় ইচ্ছাশক্তি ও মেধার কাছে যেকোনো প্রতিকূলতা হার মানতে বাধ্য।


সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মাহফুজের ভবিষ্যৎ স্বপ্ন, উচ্চশিক্ষার পরিকল্পনা ও শারীরিক কষ্টের গল্প শোনেন। মাহফুজের সংগ্রাম ও অদম্য ইচ্ছাশক্তির কথা শুনে আবেগপ্লুত প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে মাহফুজের জন্য একটি মানসম্মত কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন। এর পাশাপাশি মাহফুজের আগামী দিনের ভবিষ্যৎ পড়াশোনার যাবতীয় খরচের পূর্ণ দায়িত্বও গ্রহণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রীর এই মানবিক ও তাৎক্ষণিক সাড়ায় মাহফুজ, তার পরিবার এবং উপস্থিত সবাই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শিবগঞ্জের এই বাস বিতরণ ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর