রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাকিল (৩৭) ওরফে ‘বুলেট শাকিল’ নামে এক কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল রূপগঞ্জ উপজেলার বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বুলেট শাকিল ও তার বাহিনীর তাণ্ডবের কারণে দীর্ঘদিন ধরে তারাব, বিশ্বরোড ও বরাবোসহ আশেপাশের বিস্তৃত এলাকায় সাধারণ মানুষকে চরম আতঙ্কে দিন কাটাতে হতো। শাকিল তার ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাং দিয়ে পুরো এলাকায় মাদকের একচ্ছত্র আধিপত্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। শুধু স্থানীয় পর্যায়েই নয়, শাকিল ও তার বাহিনীর সদস্যরা অবৈধ মাদক ও মারাত্মক আগ্নেয়াস্ত্র রাজধানীর বিভিন্ন অপরাধমূলক সিন্ডিকেটের কাছেও নিয়মিত সরবরাহ করতো বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তারাবো ও বিশ্বরোড এলাকায় মহাসড়ককেন্দ্রিক ছিনতাই, সশস্ত্র ডাকাতি, জমি জবরদখলসহ নানা অপকর্ম অনায়াসে চালিয়ে যেতো শাকিল বাহিনী। এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও শাকিল ও তার ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছুড়ে এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করতো। এক অদৃশ্য ও অজানা শক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে শাকিল এলাকায় বিশাল এক অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল।
অভিযানের বিষয় ও পেছনের ঘটনা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সম্প্রতি তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি অপরাধী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রকাশ্যে গুলিবর্ষণ এবং একাধিক ককটেল বিস্ফোরণের মারাত্মক ঘটনা ঘটে। এতে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়। উক্ত সহিংস ঘটনার দায়েরকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামি হলো এই শাকিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।