ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ব্যস্ততম যমুনা এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে মোট ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। ঘটনার সময় বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।
নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়ে অতিক্রম করার সময় হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাইরে বের হওয়ার মরিয়া চেষ্টা চালান। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ৯ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও জেওয়ার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। বর্তমানে উদ্ধারকাজ চলমান রয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি