ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

মার্কিন রণতরীতে চরম মানসিক অবসাদ, ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:০০ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকালীন সামরিক অভিযানে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ দায়িত্ব পালনকালে চরম মানসিক অবসাদ থেকে আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। একটানা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, যুদ্ধকালীন তীব্র মানসিক চাপ এবং পরিবার ছেড়ে দেশে ফেরার অনিশ্চয়তার কারণে তাদের মধ্যে এই ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।


মার্কিন ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে জানানো হয়েছে, আত্মহত্যার চেষ্টা করা সামরিক সদস্যদের দ্রুত উদ্ধার করা সম্ভব হওয়ায় এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরবর্তীতে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রায় ছয় থেকে সাত হাজার নাবিক ও সেনাসদস্যকে নিয়ে রণতরীটির এই বহরটি টানা ছয় মাসেরও বেশি সময় ধরে কোনো বন্দরে না থেমে অবিরত সমুদ্রে অবস্থান করছিল। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে কোনো বন্দরে না ভিড়ে এত দীর্ঘ সময় ধরে যুদ্ধজাহাজের সমুদ্রে অবস্থান করার ঘটনা এটিই প্রথম।


নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, স্বাভাবিক সামরিক অভিযানে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা এক বা দুটি ঘটলেও একটিমাত্র অভিযানে আটটি আত্মহত্যার চেষ্টা অত্যন্ত অস্বাভাবিক ও উদ্বেগজনক। মাসের পর মাস বন্দরে যাওয়ার সুযোগ না পাওয়া এবং চব্বিশ ঘণ্টা যুদ্ধাবস্থায় থাকার চাপ নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া রণতরীতে দায়িত্বরত বেশ কয়েকজন নাবিক অভিযোগ করেছেন যে, এই দীর্ঘ অভিযানে পর্যাপ্ত সুপেয় পানি, শৌচাগার ও গরম পানির মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত থাকতে হয়েছে। এর সঙ্গে দীর্ঘ সময় ধরে পরিবার ও স্বজনদের কাছে ফিরতে না পারার অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


অভিযান চলাকালে কর্তব্যরত অবস্থায় কয়েকজন নাবিক হতাশাগ্রস্ত হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তবে সহকর্মী নাবিক ও উদ্ধারকারী দলের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে তাদের জীবিত উদ্ধার করা হয়। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য রণতরীতে বিশেষ ধর্মীয় পরামর্শদাতা, মনোবিজ্ঞানী এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োজিত করা হয়েছিল বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী। তবে এই ঘটনার পর মার্কিন কংগ্রেসে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড সামরিক সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি প্রশাসনের এই চরম অবহেলাকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন। পেন্টাগনের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৪ সালে নৌবাহিনীর প্রায় ৩ লাখ ৩৭ হাজার সক্রিয় নাবিকের মধ্যে মোট ৩৫৬টি আত্মহত্যার চেষ্টার ঘটনা রেকর্ড করা হয়েছিল।

সূত্র: সিএনএন


এ সম্পর্কিত আরো খবর