পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত পাঁচ শিক্ষককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ মো. শাহজাহানকে সংবর্ধনা জানানোর পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রমে অবদান রাখা প্রয়াত শিক্ষকদের স্মরণ করা হয়।
কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদ খান। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মো. নুরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষ মো. শাহজাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুঃ নিজাম উদ্দিন এবং উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. এমদাদ হোসেন।
অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা পাওয়া পাঁচ শিক্ষক হলেন—গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ মুঃ ইউসুফ মিয়া, অর্থনীতির সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, ইংরেজির প্রভাষক রামানন্দ দেবনাথ, ব্যবস্থাপনার প্রভাষক মো. জাহাঙ্গীর কবির এবং কৃষিশিক্ষার প্রদর্শক মো. আঃ হালিম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসাইন, কলেজ গভর্নিং বডির সদস্য মেহেদী হাসান সিজার এবং অভিভাবক সদস্য গাজী আঃ রহিম।
বিদায়ী অধ্যক্ষ মো. শাহজাহানের কর্মজীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. হারুন অর রশিদ এবং সহকারী অধ্যাপক আবু হেনা মো. শোয়েব। এ ছাড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোসা. নুর নাহারও স্মৃতিচারণে অংশ নেন।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রাইসা মনি বিদায়ী অধ্যক্ষকে নিয়ে লেখা মানপত্র পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম। শেষে ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আউয়াল দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অধ্যক্ষ মো. শাহজাহানকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি ফিচার প্রতিবেদনের বাঁধাই করা কপি তাঁর হাতে তুলে দেওয়া হয়। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ও কলামিস্ট নিয়ামুর রশিদ শিহাব তাঁকে এ স্মারক উপহার দেন।
বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কলেজের সাবেক অধ্যক্ষ এবং প্রয়াত শিক্ষকদের অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।