অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার। ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এই গেজেটের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্দেশিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেডে চাকরি জীবন শুরু করবেন।
দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রকাশিত এই বিসিএস নিয়োগ কার্যক্রমের সূচনা হয়েছিল ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। পরবর্তী সময়ে ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ২০২৫ সালের জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করে পিএসসি।
সব আনুষ্ঠানিকতা শেষে ২০২৫ সালের নভেম্বরে পিএসসি চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পিএসসির সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর সরকারের যাচাই-বাছাই শেষে এই ১৭০২ প্রার্থীর চূড়ান্ত গেজেট জারি করা হলো।
প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এই ক্যাডারে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে মোট ৫৩৯ জন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ হয়েছে শিক্ষা ক্যাডারে, যেখানে ৪৩৭ জন প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য ক্যাডারগুলোর মধ্যে প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং কাস্টমস ক্যাডারে ৫৪ জন নতুন কর্মকর্তা যুক্ত হচ্ছেন।