ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত নামের ২২ বছর বয়সী এক সাজাপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে পৌনে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কারারক্ষীদের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত পূর্বে গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাভোগ করছিলেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী জসীম উদ্দীনের নেতৃত্বে একটি দল রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই কারাবন্দীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে। তবে ইয়াসিন আরাফাত ঠিক কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ইয়াসিন আরাফাতের বাড়ি গাজীপুরের কোনাবাড়ী চৌরাস্তা এলাকায় বলে জানা গেছে।