সৌদি আরবে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা কিংডম সেন্টারের সব অফিসের কার্যক্রম বাসা থেকে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির অফিসগুলোতে কর্মীদের সরাসরি উপস্থিতির পরিবর্তে হোম অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।
ভাড়াটে প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের নির্ধারিত সময়ে ভবনে না আসার অনুরোধ জানিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বার্তায় জানানো হয়। ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার রিয়াদের অন্যতম পরিচিত আকাশচুম্বী ভবন এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা হিসেবে পরিচিত।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় দেশটিতে ভ্রমণরত এবং ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জানিয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। তাই ভ্রমণের আগে পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনো স্থগিত রয়েছে। ফলে এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিমান চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। তবে এসব বিমানবন্দরেও কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হচ্ছে। পাশাপাশি কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ার ঘটনাও ঘটছে। ফলে বিমানবন্দর চালু থাকলেও যাত্রীদের স্বাভাবিক ভ্রমণ নিশ্চিত হচ্ছে না।
সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে। শুধু পূর্বনির্ধারিত সময়সূচির ওপর নির্ভর না করে যাত্রার আগে পুনরায় তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সম্ভাব্য নতুন হামলার কারণে ফ্লাইটের সময়সূচি এবং আকাশসীমা ব্যবহারের সুযোগ যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই যাত্রীদের পরিস্থিতির প্রতি সতর্ক নজর রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তনের প্রস্তুতি রাখতে হবে।
একই সঙ্গে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো জাতীয় জরুরি সতর্কবার্তা অনুসরণ করতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন মিশন।
কিংডম সেন্টারের অফিসগুলোতে হোম অফিস চালুর সিদ্ধান্ত এবং বিমানবন্দর নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। তবে এসব পদক্ষেপের বাইরে দেশটির অন্যান্য স্থাপনা ও পরিষেবার কার্যক্রম সম্পর্কে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। সূত্র: এএফপি।