বিনোদন ডেস্ক
বলিউড কিংবা ভারতীয় সিনেমার ইতিহাসে বহু প্রতীক্ষিত ও মেগাবাজেট প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যের আদলে তৈরি সিনেমা ‘রামায়ণ’। প্রেক্ষাগৃহে অফিশিয়াল মুক্তির এখনও কিছুটা সময় বাকি থাকলেও, বক্স অফিসে ছবিটির অগ্রিম টিকিট বিক্রির যে জোয়ার দেখা গেছে, তা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে চলচ্চিত্র বিশেষজ্ঞদের। মুক্তির আগেই ছবিটি ১০ কোটি রুপিরও বেশি আয়ের মাইলফলক স্পর্শ করেছে, যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
স্যাকনিল্কের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত শনিবার পর্যন্ত ভারতে সিনেমাটির প্রায় ১ লাখ ৮৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসনসহ এই হিসাব এসেছে দেশের ৪ হাজার ৪৩৯টি প্রদর্শনী থেকে। সব মিলিয়ে বর্তমানে প্রেক্ষাগৃহে আসন পূরণের হার রয়েছে ১৯ শতাংশ। বিশাল এই অগ্রিম বুকিংয়ের পেছনে বড় অবদান রেখেছে হিন্দি সংস্করণটি। হিন্দি সংস্করণ থেকে অগ্রিম বুকিংয়ে একাই আয় হয়েছে ৯ কোটি ১৫ লাখ রুপি, যেখানে আসন পূরণের হার ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ। এছাড়া কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ১ কোটি ৩ লাখ রুপি এবং আসন পূরণের হার ১০ শতাংশ। অন্যদিকে, তেলুগু সংস্করণ থেকে এসেছে ৩১ লাখ ২৫ হাজার রুপি, যেখানে আসন পূরণের হার ছিল ৩ শতাংশ।
সিনেমাটির থ্রিডি প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে এসেছে সবচেয়ে বড় অঙ্কের আয়। মোট অগ্রিম বুকিংয়ের প্রায় ৬৪ শতাংশই রয়েছে থ্রিডি সংস্করণের দখলে। জানা গেছে, ৩ হাজার ৮৮৩টি প্রদর্শনীতে ১ লাখ ৪২ হাজার টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ৬ কোটি ৭২ লাখ রুপি। পাশাপাশি আইম্যাক্স থ্রিডি প্রদর্শনী থেকে এসেছে ২ কোটি ৫০ লাখ রুপি। ১৪৯টি প্রদর্শনীতে ২২ হাজার ৪ অনুপাতে ৪১০টি টিকিট বিক্রি হওয়ায় এই ক্ষেত্রে আসন পূরণের হার ছিল ৫০ শতাংশ। অন্যদিকে, ফোরডিএক্স থ্রিডি প্রদর্শনী থেকে ৫ হাজার ৫৪৬টি টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪২ লাখ ৪৩ হাজার রুপি। ১৩২টি প্রদর্শনীতে এই সংস্করণে আসন পূরণের হার ছিল ৪১ শতাংশ।
শুধু দেশেই নয়, ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের সব প্রদর্শনী মিলিয়ে সিনেমাটির আন্তর্জাতিক অগ্রিম বুকিং ইতোমধ্যে ১১ লাখ ডলার ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, মুক্তির প্রথম দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ৬ লাখ ডলারের ঘরও পার করেছে। এর মধ্যে কেবল উত্তর আমেরিকা থেকেই এসেছে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার। বিশেষ করে ছবিটির প্রিমিয়ার শো ঘিরে দর্শকদের উন্মাদনা এতটাই বেশি যে, শুধু প্রিমিয়ার শো থেকেই আনুমানিক ৩ লাখ ৫০ হাজার ডলার আয় হয়েছে।
সনাতন হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে অত্যন্ত নিখুঁত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নির্মিত এই মেগাবাজেট সিনেমাটি মোট দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বহুল প্রতীক্ষিত প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্ধারিত হয়েছে। আর ছবিটির দ্বিতীয় পর্ব বড় পর্দায় আনার পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
চলচ্চিত্রটির তারকাবহুল কাস্টিং নিয়েও ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল রয়েছে। এই মহাকাব্যাত্মক সিনেমায় ভগবান রামের কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। দেবী সীতার রূপায়ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অন্যদিকে, লঙ্কাপতি রাবণের মতো শক্তিশালী ও নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হবেন দক্ষিণী সুপারস্টার যশ। আর ভক্তদের প্রিয় চরিত্র হনুমানের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দেবেন বর্ষীয়ান অভিনেতা সানি দেওল। সব মিলিয়ে মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’ যেভাবে বক্স অফিসের সমীকরণ ও দর্শকদের মনে রাজত্ব করতে শুরু করেছে, তাতে সিনেমাটি নতুন কোনো রেকর্ড গড়বে কি না, এখন সেটাই দেখার বিষয়।