বর্তমান জ্বালানি সংকটের দায় কোনোভাবেই সরকারের নয় উল্লেখ করে বিরোধীদলীয় কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজনৈতিক শূন্যতা ঢাকতেই বিরোধীদল লং মার্চের মতো অযৌক্তিক ও জনবিচ্ছিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লং মার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিরোধীদলের রাজনৈতিক খরা ও ঘাটতি ঢাকতেই লোকদেখানো এই লং মার্চের আয়োজন করা হয়েছে। এর পেছনে কোনো ধরনের বাস্তবসম্মত যৌক্তিকতা নেই। জ্বালানি সংকটের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, বাংলাদেশ থেকে গ্যাস পাচার হওয়ার কারণে এই সংকট তৈরি হয়নি; বরং আন্তর্জাতিক প্রেক্ষাপট ও মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। যে অঞ্চল দিয়ে প্রধানত জ্বালানি আসার কথা, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করায় সরকার বিকল্প উৎস হিসেবে মিয়ানমার ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে এবং এর সুবাদে ইতিমধ্যে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে।
সরকারের কার্যক্রম ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও জাপান সফর দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এছাড়া সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জনকে গ্রেপ্তার করা হচ্ছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলার এই ইতিবাচক অবস্থার চেয়ে অতীতে এর চেয়ে ভালো পরিস্থিতি কবে ছিল, সে প্রশ্নও তোলেন তিনি।