ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সিডর ট্র্যাজেডির ১৯ বছর: চরম ঝুঁকিতে বরগুনা ও বাগেরহাটের উপকূলীয় বাঁধ


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২৯ এএম

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের ভয়াল থাবায় লণ্ডভণ্ড হয়ে যাওয়ার দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা এখনো চরম অনিশ্চয়তার মধ্য দিয়েই কাটছে। ২০০৭ সালের এই দিনে ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার বেগে আঘাত হানা সেই ভয়াবহ সুপার সাইক্লোনের তাণ্ডব এবং জলোচ্ছ্বাসের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বরগুনা ও বাগেরহাটের লাখো মানুষ। স্বজন হারানোর বেদনার পাশাপাশি আজও টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই আতঙ্কে দিন কাটাতে হয় উপকূলবাসীর।


সেদিন বরগুনার বিষখালীর পাড়ের মাছখালী গ্রামের জেলে ফারুক গাছের ডালে সারা রাত কাটিয়ে প্রাণে বাঁচলেও রক্ষা করতে পারেননি নিজের বসতভিটা। শুধু বরগুনাতেই সিডরে ১ হাজার ৩৪৫ জনের প্রাণহানি ঘটেছিল। দীর্ঘ প্রায় দুই দশক সময় পার হলেও বরগুনার বেড়িবাঁধের চিত্রে কোনো স্থায়ী পরিবর্তন আসেনি। জেলার ৮০৫ কিলোমিটার বাঁধের বেশিরভাগ অংশই এখনো পুরোপুরি অরক্ষিত। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ৪৮৪ কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় লোকালয়, ঘরবাড়ি ও রান্নাঘর। স্থানীয় বাসিন্দারা বারবার আকুতি জানালেও মেলেনি কোনো টেকসই সমাধান।


এদিকে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান জানিয়েছেন, ৬০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ মেরামত ও টেকসইভাবে নির্মাণের জন্য ইতোমধ্যে তিনটি ডিপিপি দাখিল করা হয়েছে। বামনা, রামনা, কালিকাবাড়ী ও নলটোনা এলাকার ভাঙন রোধে মন্ত্রণালয়ে যাচাই সভা ও হেড অফিসে প্রস্তাব পাঠানো হয়েছে।


অন্যদিকে সিডরের ধ্বংসযজ্ঞের শিকার বাগেরহাট জেলার শরণখোলা ও মোরেলগঞ্জেও একই চিত্র বিরাজ করছে। হাজারো প্রাণের বিনিময়ে গড়ে ওঠা উপকূলের বাসিন্দাদের একটাই চাওয়া—ত্রাণ নয়, একটি টেকসই বেড়িবাঁধ। সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে কিছু বাঁধ নির্মিত হলেও নিম্নমানের কাজের কারণে তা ধসে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানিয়েছেন, ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন পাওয়ার পর ডিপিপি প্রণয়ন করা হবে এবং প্রকল্পটি অনুমোদিত হলে ১১ থেকে ১৩ কিলোমিটার এলাকায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।


বারবার আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই না হওয়ায় ক্ষুব্ধ উপকূলবাসী। তাদের মতে, শুধু নামমাত্র বরাদ্দ বা জোড়াতালির সংস্কার নয়, জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।


এ সম্পর্কিত আরো খবর