ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ৫:১৮ পিএম

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত এবং বাহিনী কখনো এর দায়ভার গ্রহণ করবে না। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন।


সিএমপি কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং তা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। যেহেতু মামলাটি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত, তাই আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। প্রয়োজনীয় সেই অনুমোদন পাওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই মামলার তদন্তও এই ইউনিট দ্বারা পরিচালিত হবে এবং নিয়ম অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।


পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয় কি না—এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার কোনো বিষয় নয়। কারণ যিনি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়াবেন, তার দায় একান্তই তার নিজের। কমিশনার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বার্তাটি অত্যন্ত স্পষ্ট; যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধেই কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামারও কথা বলা হয়েছিল। নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর তার দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। সেখানে সত্যতা মেলার পরই মামলা ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।


পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এছাড়া আওয়ামী নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করেন এবং নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা এসপি জাহাঙ্গীর ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দিয়েছিলেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর