ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

রামদা ও লগি-বইঠা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের মহড়া


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৪৮ পিএম

দেশের দক্ষিণ জনপদের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য মহড়া চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোঁটা, লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালের মতো প্রাণঘাতী দেশি অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তণ্ডব চালায় তারা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করার পাশাপাশি ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক গুঁড়িয়ে দেওয়া হয়।


রোববার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এই নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল আটটা থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে শুরু করেন। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এরপর সেখান থেকে গাবতলা মোড়ে গিয়ে তারা বিভিন্ন খণ্ড মিছিলে বিভক্ত হন।


সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. সামিউল হক এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি মিছিল বের হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একীভূত হয় এবং পরে ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা কমিটির তালাবদ্ধ কার্যালয় খুলে উল্লাস করে।


প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভটি পুরোপুরি ভাঙচুর করা হয়। উন্মত্ত নেতাকর্মীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে জোরপূর্বক ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়। একই কায়দায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তীব্র অবরোধ সৃষ্টি করা হয়।


সহিংসতার মাত্রা চরম রূপ ধারণ করে যখন মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর চড়ে স্লোগান দিতে শুরু করে নেতাকর্মীরা। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, পুলিশের ওই সাঁজোয়া যানের গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।


এই সশস্ত্র মহড়া ও ভাঙচুরের কারণে বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের তেমন কোনো কার্যকর ভূমিকা বা তৎপরতা চোখে পড়েনি।


এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া জেলা পুলিশের দায়িত্বশীল অন্য তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হলেও তাঁরা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। দিনদুপুরে প্রশাসনের সামনে এমন সশস্ত্র তণ্ডব ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর