আগামী ২১ নভেম্বর (শনিবার) যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকার সার্বিক নিরাপত্তা ও রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ওই দিন দুই দফায় মোট ১১ ঘণ্টা সেনানিবাসের প্রধান সড়কে সাধারণ যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সেনানিবাসের অভ্যন্তরীণ রাস্তাগুলো যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যান চলাচলে এ সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং সশস্ত্র বাহিনী দিবসের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এ ছাড়া অন্য সব ধরনের সাধারণ যানবাহনকে নির্ধারিত সময়ে সেনানিবাস এলাকার ভেতর দিয়ে চলাচল পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।