যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে সিএনএনের প্রকাশিত এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, হামলা চালানোর চেষ্টা করা হলে তাদের এমন মূল্য দিতে হবে যা আগে কখনো দেখেনি কেউ। অন্যদিকে, ওয়াশিংটনের এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান।
ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ বা রাসায়নিক বোমা হামলার বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ট্রাম্প বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কার বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইরান কোনো ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে কি না—সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে মাথা নেড়ে সায় দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি। এই হুমকি আসন্ন কি না; জানতে চাইলে ট্রাম্প আরও বলেন, ‘‘যদি এমন কিছু থাকে, তাহলে তাদের এমন চড়া মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।’’
হামলা আসন্ন বলে বিশ্বাস করার মতো কোনো কারণ আছে কি না, সে বিষয়ে পুনরায় জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি আশা করি এমন ঘটনা ঘটবে না। তবে আমরা এটিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ তারা একটু পাগলাটে ধাঁচের।’’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটনে হামলার এই মার্কিন অভিযোগকে সম্পূর্ণ ‘‘ভিত্তিহীন’’ বলে উড়িয়ে দিয়েছেন।
এর আগে, মার্কিন একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দারা রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনার বিষয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। এই সংবাদ প্রকাশের পর হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো এবং সব ধরনের সম্ভাব্য হুমকি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মার্কিন মূল ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য তাৎক্ষণিক হুমকি নেই।
আমেরিকান জ্যেষ্ঠ কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে মারাত্মকভাবে সংঘাত বাড়িয়ে তোলার এক বিপজ্জনক ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই পরিকল্পনাকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।
একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন ভূখণ্ডে হামলার পক্ষে এখনো তেহরানের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন জোরালো কোনো প্রমাণ না থাকলেও, তারা মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি ও পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের কাছে পর্যাপ্ত জনবল আসলেই প্রস্তুত রয়েছে কি না, তা নিয়ে মার্কিন গোমহলে এখনো বিতর্ক রয়েছে।
সূত্র: রয়টার্স, সিএনএন।